
আব্দুল্লাহ আল মাসুদ :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামের প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা এখন হাজারো মানুষের জন্য চরম দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে এ রাস্তা সংস্কার বা পাকা করার কোনো উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীর ভোগান্তি দিনে দিনে বেড়েই চলছে।
গ্রামবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি রয়ে যায় শুধু কথার মধ্যেই। নির্বাচন শেষ হলেই তারা আর খোঁজ নেন না। এর ফলে গ্রামীণ জনপদের হাজারও মানুষ বছরের পর বছর অবহেলার শিকার হয়ে আসছেন।
বর্ষাকালে এ রাস্তার চিত্র ভয়াবহ আকার ধারণ করে। কাদায় মিশে যায় পুরো রাস্তা। তখন পথচারীদের চলাচল করা হয়ে ওঠে জীবন ঝুঁকিপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে হয় কাদা-মাটির ভেতর দিয়ে হেঁটে। পায়ে কাদা মেখে এবং পোশাক ভিজিয়ে ক্লাসে পৌঁছাতে হয় তাদের। এতে শিক্ষা জীবন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিশুদের শারীরিক ও মানসিক কষ্ট বেড়েই চলেছে।
এ রাস্তায় কোনো ধরনের গাড়ি চলাচল করা সম্ভব নয়। ভ্যান, অটোরিকশা কিংবা অন্য কোনো যানবাহন প্রবেশ করতে না পারায় স্থানীয়রা বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে যাতায়াত করেন। অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া এ রাস্তায় প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় রোগীকে কাঁধে বা খাটিয়ায় তুলে কাদা-মাটির রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যেতে হয়। ফলে কোনো কোনো ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকিতে পড়ে যাচ্ছে।
একজন হতাশ গ্রামবাসী বলেন, আমরা আর আশা করি না যে আমাদের এই রাস্তা কোনো দিন পাকা হবে। জীবদ্দশায় হয়তো আর ভালো রাস্তা দেখা হবে না। যেই জনপ্রতিনিধিই আসেন, তারা শুধু স্বপ্ন দেখান, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় না।
গ্রামবাসী আরও জানান, এ রাস্তা সংস্কার না হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজে বাজারে নিয়ে যেতে পারছেন না। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এতে স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অবিলম্বে রাস্তা সংস্কার করে গ্রামীণ জনগোষ্ঠীর এই ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন পারকুল গ্রামের সাধারণ মানুষ। তাদের মতে, এ সমস্যার সমাধান হলে শুধু ভোগান্তিই কমবে না, শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগব্যবস্থায় নতুন প্রাণ ফিরে আসবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com