
আব্দুল্লাহ আল মাসুদ :
সোশ্যাল মিডিয়া ফেসবুকে সম্প্রতি সমকামীদের নিয়ে একাধিক গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রুপ হলো— “সাস্ট গে কমিউনিটি”, “গে সিলেট”, এবং “টপ বটম সিলেট”। এসব ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত নতুন সদস্য যুক্ত হচ্ছে এবং সেখানে সক্রিয়ভাবে মতবিনিময় ও যোগাযোগ চলছে।
সমকামীতা বলতে একজন পুরুষ অপর একজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনকে বোঝায়। বাংলাদেশের প্রচলিত সমাজ ও ধর্মীয় কাঠামোয় এ বিষয়টি এখনো অগ্রহণযোগ্য। ফলে ফেইসবুকে সমকামী গ্রুপের কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ফেইসবুক গ্রুপের অধিকাংশ সদস্য ভুয়া বা গোপন পরিচয়ে যুক্ত হচ্ছেন। অনেকে ব্যক্তিগত ছবি বা তথ্য প্রকাশ না করে গোপনভাবে যোগাযোগ রক্ষা করছেন। এতে তরুণ সমাজের মধ্যে কৌতূহল এবং বিতর্ক আরও বাড়ছে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামিক চিন্তাবিদ মুফতি রুহুল কুদ্দুস বলেন, “সমকামিতা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। যারা পারিবারিক নৈতিক শিক্ষার বাইরে চলে যায়, তারাই এ ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে। সমাজকে এ অনৈতিকতা থেকে রক্ষা করতে হলে পারিবারিক শিক্ষা ও বিবাহ ব্যবস্থার প্রতি গুরুত্ব দিতে হবে।”
এ প্রসঙ্গে বুদ্ধিবৃত্তিক সংগঠন মুসলিম ইউথ সিলেট-এর সভাপতি ছাহিদুর রহমান ছাহিদ বলেন,
“সমকামিতার বিরুদ্ধে আমি এবং আমার সংগঠন অনেক আগে থেকেই কাজ করে আসছি। আমি আসিফ মাহতাব স্যারের সাথেও কাজ করছি— কীভাবে আমাদের সমাজ থেকে সমকামিতার প্রভাব দূর করা যায় এবং তরুণ সমাজকে এসব পাপ কাজ থেকে বিরত রাখা যায়।”
অন্যদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ করে ফেইসবুক তরুণদের জন্য নতুন ধরনের পরিচিতি, সম্পর্ক ও মতাদর্শ গড়ে তোলার সুযোগ তৈরি করছে। তবে এর সামাজিক, মানসিক ও স্বাস্থ্যগত প্রভাব নিয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি।
বিশ্লেষকদের মতে, অনলাইন ভিত্তিক এই কমিউনিটি কেবল ব্যক্তিগত নেটওয়ার্ক নয়; বরং এটি সমাজে এক নতুন বাস্তবতার প্রতিফলন। তাই বিষয়টি মোকাবেলায় উন্মুক্ত আলোচনা, যথাযথ দিকনির্দেশনা ও সামাজিক সচেতনতা এখন সময়ের দাবি।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com