আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে। সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। সিনেমাটির বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন।
এমন খবরের পর শাকিব খান ভক্তরা সংশোধনী নিয়ে আপত্তি জানান। তারা দাবি তুলেন ‘বরবাদ’ আনকাট মুক্তি দিতে হবে। এরপর তারা মঙ্গলবার সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন। এক দফা এক দাবি জানান যে, কোনো সংশোধনী ছাড়া সিনেমাটি আনকাট মুক্তির দেওয়া হোক।
বিকালে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য নওশাবা আহমেদ।
তিনি বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাই মিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
‘বরবাদ’ ছবিটির পরিচালক মেহেদী হাসান। ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com