গোলাপগঞ্জে এক যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ওই যুবক উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ফয়জুল ইসলাম (৩৬)। ফয়জুলের পরিবারের একাংশের দাবি, তাকে তার অপর ভাই নুরুল ইসলাম নির্যাতন করে হত্যা করেছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধায় ৬টার দিকে ফয়জুল ইসলামের মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নুরুল ইসলাম ও তার স্ত্রীকে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মৃত ফয়জুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে ফয়জুল ইসলাম চতুর্থ।
ফয়জুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম ও বোন মমতার দাবি, ফয়জুলকে তাদের আরেক ভাই নুরুল ইসলাম নির্যাতন করে হত্যা করেছেন।
অপরদিকে তার অন্য দুই ভাই নুরুল ইসলাম ও ফখরুল ইসলামের (যুক্তরাজ্য প্রবাসী) দাবি, এটি স্বাভাবিক মৃত্যু।
যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম মুঠোফোনে জানান, বড় ভাই নজরুল ইসলাম ও বোন মমতার সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধ থেকেই তারা নুরুল ইসলামকে ফাঁসানোর চেষ্টা করছেন।
ফয়জুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম বলেন, আমি নতুন বাড়ি করে অন্য জায়গায় বসবাস করছি। বিকেলের দিকে আমার বাড়িতে চেঁচামেচি শুনেছি। কিন্তু আমার ভাই ফখরুল ইসলামের সাথে বনিবনা না থাকায় আমি আর ঘটনার সময় বাড়িতে যাইনি। পরে আমার ভাইয়ের মৃত্যুর খবর শুনতে পাই।
ঘটনার সময় বোন মমতার স্বামী তার চাচাশ্বশুরের ঘরে উপস্থিত ছিলেন দাবি করে তিনি জানান, তিনি দূর থেকে ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়েছেন। কিন্তু অভিযুক্ত ফখরুল ইসলামের ভয়ে তিনি সেখানে যাননি। পরবর্তীতে তিনি জানতে পারেন ফয়জুল ইসলাম মারা গেছেন। তার দাবি, ঘটনার সময় একমাত্র অভিযুক্ত ফখরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ফয়জুল ইসলাম দীর্ঘ পাঁচ বছর ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় এক বছর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে দুই মাস আগে বাড়ি ফেরেন।
ফয়জুলের মাদকাসক্তির বিষয়টি স্বীকার করে বড় ভাই নজরুল ইসলাম বলেন, সে আগে কিছুটা মাদকাসক্ত ছিল। তবে দুই মাস আগে সে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, এটি স্বাভাবিক মৃত্যু না হত্যা তা নিয়ে কিছুটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com